আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
লন্ডন থেকে দেশে এসে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার চলছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে বর্তমানে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। সুতরাং আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের কোনো সভা বা মিছিল করতে পারেন না। এই বিষয়টি স্পষ্ট।
তিনি বলেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি, যিনি আওয়ামী লীগ করেছেন বা দলে ছিলেন, তাঁর নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা জামিনে থাকেন, তবে তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না—এমন নয়।
ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আইন ভঙ্গ হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে ফেরা এবং তাঁর বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করা হয়।
জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মামলা থাকলে একজন মানুষের বিদেশ থেকে দেশে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একজন ব্যক্তি পলাতক বা ফেরারি কি না, তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না এবং তিনি সেটি অনুসরণ করেন কি না—সেগুলোই মূল বিষয়। এগুলো খুঁটিয়ে দেখার ব্যাপার রয়েছে। তিনি নিশ্চিত করেন, বিষয়গুলো দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 
























