নীলফামারীর ডোমার উপজেলায় ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে মাঠপর্যায়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, সুনির্দিষ্ট ফরম পূরণ এবং তদারকিসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মাহমুদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “কোনো প্রকৃত উপকারভোগী যেন ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 





















