দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে গত বছর বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড দায়িত্ব গ্রহণের পর নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও পর্যালোচনার জন্য একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাঁচ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিসিবির অ্যাডহক কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রাশনা ইমামকে।
কমিটির অন্য তিন সদস্য হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে থাকবেন একজন সাবেক নারী ক্রিকেটার। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, কমিটির চার সদস্যের নাম চূড়ান্ত হয়েছে। বাকি একজন হিসেবে সাবেক নারী ক্রিকেটারকে যুক্ত করা হবে। দ্রুতই তাঁর নাম জানানো হবে।
অভিযোগ পাওয়ামাত্রই এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক 

























