আসন্ন চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত, ভ্যালি কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের সমন্বয়ক বিভাগীয় শ্রম দপ্তর (ঢাকা)-এর উপপরিচালক মো. খোরশেদ আলম উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ১৮টি চা বাগানের ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন।
জানা গেছে, আগামী ২৮ নভেম্বর বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানে একযোগে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১৮টি বাগানে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ কয়েক বছর পর চা শ্রমিকদের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, অহিদাবাদ চা বাগানের ব্যবস্থাপক আলী আসকর, রহমানীয়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল আলম, শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ব্যবস্থাপক এসএম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ব্যবস্থাপক নজরুল ইসলাম, মো. সাঈদুজ্জামান এবং কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুম প্রমুখ।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 
























