‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরগুনা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী পরিচালক এবং বিআরটিএর সহকারী পরিচালকসহ বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, নিরাপদ সড়ক চাই সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোটরযানচালক ও যাত্রীদের করণীয় এবং সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় মোটরযানচালকদের গতিসীমা মেনে চলা, বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে সড়ক আইন মেনে চলার স্বীকৃতিস্বরূপ চারজন বাসচালককে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে মোট ১৫ জনকে সর্বমোট ৫১ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
মাওলানা মো. আব্দুল মোতালেব-স্টাফ রিপোর্টার 






















