রংপুরের তারাগঞ্জে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নতুন খেলোয়াড় তৈরির প্রত্যয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাইপর্ব। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার এ উদ্যোগকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতলা উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় শিশু-কিশোর খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তারা নিজেদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর সদস্যসচিব মো. মাহমুদুন নবী এবং আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাসেল। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইজানুর রহমান।
আলমপুর ইউনিয়নে বাছাইপর্ব শুরুর মধ্য দিয়ে তারাগঞ্জে এ আয়োজনের সূচনা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি চারটি ইউনিয়নেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ অক্টোবর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পদ্মপুকুর মাঠে, ৩১ অক্টোবর ইকরচালী ইউনিয়নের ইকরচালী হাইস্কুল মাঠে, ১ নভেম্বর কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং ২ নভেম্বর সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত দিনে সকাল ৯টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের এ উদ্যোগ সফল হলে স্থানীয় পর্যায়ের অনেক সম্ভাবনাময় শিশু-কিশোর উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। সংশ্লিষ্টদের মতে, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনার দুয়ার।
শফিউল মন্ডল-রংপুর প্রতিনিধি 


















