শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সবার আগে ভালো মানুষ হতে হবে। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (২৬ অক্টোবর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষা থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নাঈম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এবং উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম শরীফ।
নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসজে স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল। এ ছাড়া বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মৌলভী আব্দুল হাই মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, লোহাচূড়া দাখিল মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান এবং শিক্ষার্থী সমুজিৎ পাল ও তাফসিয়া তাহরিন সাফাসহ অন্যরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















