সীমান্তবর্তী এলাকার বেকার তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকায় ছয় সপ্তাহব্যাপী ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলা এ প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণেরা মোবাইল ফোন মেরামতের কারিগরি দক্ষতা অর্জন করতে পারবেন। এর ফলে তাঁরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়লে তরুণেরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গঠনে উৎসাহিত হবেন বলে আশা করছে বিজিবি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন তরুণকে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ বিষয়ে প্রশিক্ষণ দেয় ৫৩ বিজিবি।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি; সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম; শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান এবং মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনাকষা বিওপি কমান্ডার ও বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মো. জাহিদ হাসান-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 























