জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীতে রোড শো কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দরের সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রোড শো কর্মসূচি পালন করা হয়। এ সময় হ্যান্ডবিল ও লিফলেট বিতরণের পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ ঢাকা মেট্রোর বিভিন্ন সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া কর্মসূচিতে মোটরযান মালিক-শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 






















