ওয়ানডে ক্রিকেটে যেন ছন্নছাড়া বাংলাদেশ দল। সবশেষ কয়েকটি ওয়ানডে ম্যাচে নিজেদের চেনা ক্রিকেট খেলতে পারেনি তারা। সবশেষ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্বহীন ব্যাটিংয়ে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে দলের ব্যাটিং ইউনিটকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদও ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এই ম্যাচটা আসলে আমাদের ব্যাটারদের জেতানো উচিত ছিল বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্যবশত পারেনি। তবে এখনও একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যেন ভালোভাবে লড়াই করে ফিরে আসতে পারি এবং ফাইনালটা খেলতে পারি।’
ব্যাটিংয়ের সমস্যার দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন ম্যাচে তিন উইকেট নেওয়া তাসকিন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের ব্যাটাররা অনেক কঠোর পরিশ্রম করছে এবং আশা করছি, তারা বুদ্ধিমত্তার সঙ্গে তাদের ভুলগুলো শুধরে সামনে ঘুরে দাঁড়াবে। কারণ, সামনে আরও একটা খেলা আছে। তবে এই বিষয়গুলোর আসলেই দ্রুত সমাধান করতে হবে। ইনশাআল্লাহ, এগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’
চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে না পারলে দল মানসিকভাবে পিছিয়ে পড়বে বলে মনে করেন এই পেসার। তিনি বলেন, ‘এই ত্রিদেশীয় টুর্নামেন্টে যদি ফাইনালে আমরা না খেলতে পারি, কিছুটা হলেও মানসিকভাবে আমরা পিছিয়ে পড়ব। পরের ম্যাচে আমরা শক্তিশালী দল হয়ে ঘুরে দাঁড়াব, আশা করি।’
ক্রীড়া প্রতিবেদক 

























