অপসংস্কৃতি ও আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে জাতীয় খেলা কাবাডি আজ প্রায় বিলুপ্তির পথে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং দেশীয় ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর জোনাইল ইউনিয়নের কুশমাইল ভরট গ্রামে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কাবাডি প্রীতি ম্যাচ।
‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে গ্রামের তরুণ ও জ্যেষ্ঠদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। মনোরম পরিবেশে আয়োজিত খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। গ্রাম ও আশপাশের প্রত্যন্ত এলাকা থেকে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করেন।
অনুষ্ঠানে আয়োজকদের প্রতি সংহতি ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত নারী আসন-৩১৯-এর সংসদ সদস্য আন্না মিন্জ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ। তাঁদের বার্তায় বলা হয়, মাদকমুক্ত, সুস্থ ও সবল তরুণ সমাজ গঠনে গ্রামীণ খেলাধুলার পুনঃপ্রচলন অত্যন্ত জরুরি।
খেলাটি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করেন দৈনিক আমাদের মাতৃভূমির বিভাগীয় সাংবাদিক এস এম আয়নুল হক।
আয়োজকেরা জানান, জাতীয় খেলা কাবাডি আজ বিলুপ্তির পথে। ডিজিটাল প্রযুক্তির আসক্তি ও মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জাতীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই বার্ষিক আয়োজন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাবাডির মতো দেশীয় খেলাগুলো আবারও আগের গৌরব ফিরে পাবে।
সংবাদ শিরোনাম ::
বিলুপ্তির পথে জাতীয় খেলা কাবাডি, বড়াইগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ম্যাচ
-
এস এম আয়নুল হক-রাজশাহী ব্যুরো - আপডেট সময় ০৬:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ৫১৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























