সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী মেসির বিদায়ে সবার এক কণ্ঠ—‘ধন্যবাদ লিও’। একজন মেসি, অসংখ্য স্মৃতি। আর্জেন্টিনার জার্সিতে যার পায়ের জাদুতে বদলে গেছে ফুটবলের অনেক গল্প। সেই মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তাই শুধু আর্জেন্টিনায় নয়, আবেগ ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে।
২০২১ কোপা আমেরিকার ফাইনালের ছবি দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, দেশের জার্সিতে মেসির শেষ ম্যাচের প্রতিটি সেকেন্ড যেন উপভোগ্য হয়ে ওঠে। ফুটবলের জন্য মেসি যা করেছেন, তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বই তাঁর কাছে কৃতজ্ঞ।
মেসির বার্সেলোনার দিনগুলোর অন্যতম সঙ্গী রোনালদিনিও। মেসির অভিষেক থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যাত্রা—সব স্মৃতিই যেন একসঙ্গে ফিরে এসেছে তাঁর বার্তায়। লিখেছেন, মেসির গল্পের অংশ হতে পারা ছিল আনন্দের, আর দেশের হয়ে বিশ্বকাপ জয়ের সেই অনুভূতি কেবল তাঁরাই জানেন।
ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেসও জানালেন ভালোবাসা। দেশের জার্সিতে শেষ ম্যাচটি মেসি পুরোপুরি উপভোগ করার যোগ্য বলে মন্তব্য করেছেন উরুগুইয়ান তারকা। দেশের জন্য মেসি যা অর্জন করেছেন, তার জন্য তাঁকে নিয়ে গর্বিত হওয়া উচিত বলেও জানান সুয়ারেস।
আর্তুরো ভিদালের কাছে মেসি যেন পৃথিবীরই কেউ নন। আর্জেন্টিনা-চিলির ম্যাচের ছবি দিয়ে লিখেছেন, ‘বন্ধু, তোমার জন্য সবসময় শুভকামনা। ইতিহাসের সেরা, এক ভিনগ্রহের মানুষ।’
মেসির বিদায়ে বার্তা এসেছে গ্যারি মেদেল, রিভার প্লেট, রেসিং ক্লাব ও নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকেও। একজনের বিদায়, অথচ ভালোবাসার ভাষা একটাই—‘ধন্যবাদ, লিও মেসি’।
ক্রীড়া ডেস্ক 





















