মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। মাদকবিরোধী এক আলোচনা সভায় এসব কথা বলেন ফেনীর নবাগত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর নবাগত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব, সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
এদিকে, আলোচনা সভা শেষে পুলিশ সুপার পরশুরাম মডেল থানাধীন নিজকালিকাপুর বল্লামুখা জিরো পয়েন্টে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফেনীর মু. সাইফুল ইসলাম, ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিজকালিকাপুর বিওপির কোম্পানি কমান্ডার, জেলা পুলিশ ও বিজিবির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
মোস্তফা মুহিত-ফেনী প্রতিনিধি 























