স্বামী মারা গেছেন পাঁচ বছর আগে। তিন মেয়েকে নিয়ে সংসার চালাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তাঁকে। এরই মধ্যে ৩৬ শতক জমি বর্গা নিয়ে চাষ করেছিলেন আমন ধান। সমিতি থেকে ১২ হাজার টাকা ঋণ নিয়ে সার, কীটনাশক ও সেচের খরচ জুগিয়েছিলেন। আশা ছিল, ধান ঘরে তুলেই ঋণ পরিশোধ করবেন, পাশাপাশি চলবে সংসার। কিন্তু ঘরে ফসল তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টি তাঁর সেই স্বপ্নে অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি চিলমারী উপজেলার সরকারপাড়া এলাকার কৃষাণী স্বপ্না বেগম (৪৭)।
দুই দিনের টানা বৃষ্টিতে শুধু স্বপ্না বেগম নন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার অসংখ্য কৃষক পড়েছেন বিপাকে। কোথাও জমিতে নুয়ে পড়েছে পাকা আমন ধান, আবার কোথাও পানিতে ডুবে আছে কেটে রাখা ফসল। বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। ভেজা ধানে অঙ্কুরোদ্গম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
স্বপ্না বেগমের কাছে এবারের ধান শুধু ফসল নয়, ঋণমুক্তি ও তিন মেয়েকে নিয়ে সংসার চালানোর ভরসা। কিন্তু বৃষ্টিতে সেই ভরসা এখন অনিশ্চিত। আক্ষেপ করে তিনি বলেন, ‘সারা বছর কষ্ট করে ফসল ফলিয়েছি। এখন ধান ঘরে তোলার সময়। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি।’
একই দুর্ভোগের কথা জানান কৃষক আপিকুল ইসলাম। তিনি বলেন, ‘সমিতি থেকে ঋণ নিয়ে সার-বীজ কিনে ফসল ফলিয়েছি। ধান কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছি। চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে খুব কষ্ট হচ্ছে।’
উপজেলার রমনা ইউনিয়নের চরপাত্রখাতা এলাকার লিয়াকত আলী, নয়ারহাট ইউনিয়নের মাহফুজার রহমান, চিলমারী ইউনিয়নের মেহেদী হাসান ও অষ্টমীরচরের রবিউল ইসলামও লোকসানের আশঙ্কা করছেন। তাঁদের প্রত্যাশা ছিল, ভালো ফলনের ধান ঘরে তুলে উৎপাদন খরচ মিটিয়ে পরিবারে স্বস্তি ফিরবে। কিন্তু শেষ সময়ে বৃষ্টিতে সেই আশায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে বৃষ্টির কারণে উপজেলার শ্রমজীবী ও দিনমজুর মানুষের কাজও ব্যাহত হচ্ছে। কাজের সুযোগ কমে যাওয়ায় অনেকের দৈনন্দিন আয় বন্ধ রয়েছে। এতে তাঁরাও পড়েছেন আর্থিক সংকটে।
চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, হঠাৎ বৃষ্টিতে কিছু পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। মাঠে কেটে রাখা ধানও ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কমতে পারে। আগামী দু-এক দিনের মধ্যে মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে।
তিনি আরও বলেন, ক্ষতি কমাতে কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নিরাপদ ও উঁচু স্থানে নিতে হবে। জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বৃষ্টিতে ভিজে যাওয়া ধান থেকে পানি ঝরিয়ে দ্রুত শুকাতে হবে। পাশাপাশি কাটা ধান ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 


















