ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল, নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। কোথাও আবার ধসে পড়ার আশঙ্কায় ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে বাঁশ ও কাঠের খুঁটি দিয়ে। পরিত্যক্ত ও বসবাসের অনুপযোগী ঘোষণা করা হলেও এসব ভবনেই বছরের পর বছর বসবাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য পরিবার। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দিন কাটছে তাদের। বিকল্প আবাসনের ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি জেনেও এসব ভবন ছাড়তে পারছেন না বাসিন্দারা। ফলে কখন ঘটবে বড় কোনো দুর্ঘটনা, সেই আতঙ্ক নিয়েই কাটছে তাদের প্রতিটি দিন।
বরিশাল নগরীর সরকারি আবাসিক কলোনিগুলোর এমন চিত্র এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নগরীর সি অ্যান্ড বি রোডের আমতলা পানির ট্যাংকিসংলগ্ন ৮২ ইউনিট সরকারি কোয়ার্টার ছাড়াও সাগরদী কলোনি, ভাটার খাল কলোনি, বিউটি সিনেমা হল কলোনি ও নূরিয়া স্কুলসংলগ্ন সরকারি কলোনির একাধিক ভবনের অবস্থাও জরাজীর্ণ। এসব কলোনির অনেক ভবনই দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে সি অ্যান্ড বি কোয়ার্টারে গিয়ে দেখা যায়, দ্বিতল ও তিনতলা আটটি ভবনের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে। ভবনের দরজা-জানালা, সিঁড়ি ও রেলিংয়ের অবস্থাও নাজুক। কোথাও ছাদের নিচে বাঁশ ও কাঠের খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। ভবনের গায়ে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে টাঙানো হয়েছে সতর্কতামূলক নোটিশ। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভবনগুলো বসবাসের অনুপযোগী। অবৈধভাবে বসবাসরত সবাইকে ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
‘ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে পরিবারগুলোকে সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনগুলো অচিরেই ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হবে।’ কিন্তু নোটিশ টাঙানোর পরও থামেনি বসবাস। ঝুঁকি নিয়েই এসব ভবনের কয়েকটি ফ্ল্যাটে বসবাস করছেন প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ।
নিজস্ব প্রতিবেদক 




















