হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় তাদের কাছ থেকে ২৮ দশমিক ৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইকরতলী গ্রামের বাতেন মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), মৃত আব্দুল লতিফের ছেলে রনি মিয়া (২৪) এবং মহরম আলীর ছেলে ইকবাল হোসেন (২১)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। পরে তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের ভেতরে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২৮ দশমিক ৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল তারা।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত তিনজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত থাকবে।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 


















