কুমিল্লার মনোহরগঞ্জে সামাজিক সংগঠন ‘উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এবং নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তর হাওলা ও আশপাশের বিভিন্ন গ্রামের তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে ক্যাম্পটি চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মাদ্রাসা মাঠে উপস্থিত হন। আর্থিক সীমাবদ্ধতা ও নানা কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে না পারা মানুষের জন্য এ আয়োজন ছিল বিশেষ সহায়ক।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের স্ত্রী, গাইনি ও প্রসূতি রোগবিশেষজ্ঞ চিকিৎসক ডা. জ্যোতি হান্নান এবং মা ও শিশুর স্বাস্থ্য ও মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রোবায়েদ মাহমুদুল হাসান রাজন। তাঁরা আগত রোগীদের শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেন।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই লক্ষ্য
সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন উত্তর হাওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের পরিচালক মো. সালেহ আহমেদ চৌধুরী। এ সময় তিনি আয়োজক কমিটির সদস্য, চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় মো. সালেহ আহমেদ চৌধুরী বলেন, “আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও তাৎপর্যপূর্ণ। স্বাস্থ্যই সকল সুখের মূল—কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সচেতনতার অভাব ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সমাজের অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। অনেক ক্ষেত্রে সামান্য সচেতনতা কিংবা প্রাথমিক চিকিৎসার অভাবে ছোটখাটো শারীরিক সমস্যাও জটিল আকার ধারণ করে।
“মানুষের মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদ ও নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের যৌথ উদ্যোগে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়
চিকিৎসা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোক্তা মো. ওমর ফারুক দুলাল, পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, কোষাধ্যক্ষ জোবায়ের মোল্লা এবং সহকোষাধ্যক্ষ মো. শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এস এম আনোয়ার-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 





















