ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ওই তরুণী ঝুলে আছেন। তবে তাঁর শরীর থেকে প্রচুর রক্ত ঝরে মেঝেতে জমে ছিল।
তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় খবর দেওয়া হলে থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থলে আসে। ওই তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী, দর্শনার্থী নাকি বাইরে থেকে এসেছিলেন, সেটিও জানা যায়নি।
ঝুলন্ত মরদেহের পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























