বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাসা থেকেই আপাতত অফিসের কাজ সামলাচ্ছেন। অফিসের বিভিন্ন ফাইল বাসায় এনে দেখছেন। আর অনলাইনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।
সোমবার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন বিদ্যুৎমন্ত্রী। এরই মধ্যে চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত থাকায় গত শনিবার রাতে বাসায় ফিরেছেন তিনি।
বিদ্যুৎ মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে আরিফ সাদেক বলেন, আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে বলেছেন। এখন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তার বাসায় গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যাচ্ছেন। তিনি সেগুলো দেখছেন। অর্থাৎ বাসা থেকেই অফিসের কাজ সামাল দিচ্ছেন। কিছুক্ষেত্রে অনলাইনেও দিক নির্দেশনা দিচ্ছেন। আশা করছি শিগগিরই তিনি সশরীরে সচিবালয় এবং জাতীয় সংসদের অধিবেশনে তিনি উপস্থিত হবেন।
নিজস্ব প্রতিবেদক 



















