রংপুরের পীরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
দিনব্যাপী নানা কর্মসূচিতে উপজেলা চত্বর পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে এক বর্ণিল র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা সভাপতি মাহামুদুন্নবী চৌধুরী পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রঙিন আলপনা, ঘোড়ারগাড়ি, ঢাক-ঢোল ও সানাইয়ের সুরে সাজানো র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে অংশগ্রহণকারীদের জন্য ঐতিহ্যবাহী পান্তা-ভাতের আয়োজন করা হয়, যা নববর্ষের গ্রামীণ সংস্কৃতির একটি অনন্য অনুষঙ্গ হিসেবে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।
পরে নববর্ষের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
নববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা স্থানীয়দের ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা চত্বর ও আশপাশের সড়কগুলো রঙিন তুলির আলপনায় সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
সব মিলিয়ে পীরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন হয়ে উঠেছে প্রাণবন্ত, আনন্দঘন ও ঐতিহ্যবাহী এক উৎসব।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি : 






















