ঢাকা ২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটির ১৪৭টি কেন্দ্রে তমিজ উদ্দিন পেয়েছেন মোট ১,৬০,৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬,৩৪৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩,০৭৬ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী আরজু মিয়া পেয়েছেন ১৯৮ ভোট, খেলাফতে মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আশরাফ আলী পেয়েছেন ৯,০৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট। এদিকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১,৫৮,৪১২টি এবং ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৫০,১১৪টি।
ঢাকা-২০ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭০,৯৩৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২,৩৫,৭২৩ জন ভোটার। এ নির্বাচনে মোট ৬,১১৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়। প্রদত্ত ভোটের হার ৬৩.৫৫ শতাংশ।
স্টাফ রিপোর্টার সাইদ আল মামুন 





















