নওগাঁর ধামইরহাটে শিবা পাল (২০) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ছয়টার দিকে পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ড এলাকায় গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থা থেকে তার দাদী লীলাপাল উদ্ধার করে।
নিহত শিবা পাল উপজেলা সদর পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনাপালের ছেলে। জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের কারিগরি শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিল সে। এঘটনায় লাশের গলায় চিক দাগ এবং পা মাটিতে ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয় প্রতিবেশীরা জানান, ছোট একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে এবং পা মাটিতে থাকা অবস্থায় এভাবে আত্মহত্যা করা কারও পক্ষেই সম্ভব নয়।
প্রতিবেশীরা এও বলেন, `ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে গলায় মোটা দাগ থাকার কথা। কিন্তু গলার দাগ ছিল রশির মতো চিকন। অন্যদিকে মাটিতে রক্তের দাগও ছিল।` আত্মহত্যা নয় বরং কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে অভিযোগ করেন।
একমাত্র প্রত্যক্ষদর্শী নিহতের দাদী লীলাপাল বলেন, `গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষে বাড়িতে আসে এবং খাবার খেয়ে বাহিরে যায়। কিছুক্ষণ পর বাড়িতে এসে খাবার না খেয়ে রাত সাড়ে দশটার দিকে আবার বাইরে যায়।
`গভীর রাতে বাসায় না ফেরার কারণে অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপর ভোর ছয়টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি গাছে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে নিজ হাতে মরদেহটি গাছ থেকে মাটিতে নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশকে খবর দেওয়া হয়।`
এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, `সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলাতে পাঠানো হয়েছে।` রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানানো হয়।
ছাইদুল ইসলাম-ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ 





















