“দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ”—এই স্লোগানকে সামনে রেখে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে ফেনীতে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants” শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) এই সনদ বিতরণ করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দক্ষিণ কাশিমপুর, ফেনীতে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সেন্টার ফেনীর কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মাসুদ পারভেজ, সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার, ফেনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জসিম উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফেনী।
অনুষ্ঠানে বিভিন্ন দেশে কাজ করে দেশে ফিরে আসা অভিবাসীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের ৬টি ট্রেডে মোট ১১৭ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মাসুদ পারভেজ বলেন,
‘প্রত্যাগত অভিবাসীরা অভিজ্ঞ ও পরিশ্রমী। সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে তারা দেশেই আত্মকর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন,
‘বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করা হলে তারা আর বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবেন। আমরা দক্ষ জনশক্তি তৈরীর এই ধারা অব্যাহত রাখবো।’
উল্লেখ্য-কোভিড-১৯ বা অন্যান্য কারণে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসী কর্মীদের পুনর্বাসন, আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগের মধ্যে প্রশিক্ষণ প্রদান একটি কার্যকর পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) প্রত্যাগতদের রেজিস্ট্রেশন, জরুরি চিকিৎসা সহায়তা, বীমা সুবিধা, এবং প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে দক্ষতা সনদ পেয়ে উৎফুল্ল প্রবাসী প্রশিক্ষণপ্রাপ্তরা এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রকল্প আরও সম্প্রসারণের দাবি জানান।
উক্ত অনুষ্ঠানে এফটিটিসির প্রশিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক প্রত্যাগত প্রবাসী উপস্থিত ছিলেন। প্রশিক্ষকরা তাদের আলোচনায় শিক্ষার্থীদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
ফেনীতে ১১৭ কর্মী পেলেন দক্ষতার সনদ
বিদেশ থেকে ফিরে নতুন স্বপ্নের পথে প্রত্যাগত অভিবাসীদের পাশে সরকার
-
মুস্তাফা মুহিত, ফেনী - আপডেট সময় ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ৬৬৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















