কালিহাতীতে বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকসহ সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কোকডহড়া বাজারে কোকডহড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সমাবেশে কোকডহড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কোকডহড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিউর রহমান খান শাফী এবং কোকডহড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভিপি রফিকসহ বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় কোকডহড়া ইউনিয়ন থেকে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, দলীয় শৃঙ্খলার নামে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বহিষ্কার বিএনপির তৃণমূলকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এ ধরনের সিদ্ধান্ত দলকে দুর্বল করবে বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়াসহ সাতজন নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করে।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে কোকডহড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধি 





















