নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে অনলাইন হ্যাকার ও প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা করছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সুইট, গুডুম্বা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম এবং পোস্ট অফিস সংলগ্ন ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তাদের পরিচিতজনদের কাছে টাকা দাবি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রতারকরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ফোন বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়। এক পর্যায়ে বলা হয়, ‘আপনি একটি গোপনীয় নিরাপত্তা গ্রুপে ঢুকে পড়েছেন। এখনই গ্রুপ থেকে বের না হলে ঝামেলায় পড়বেন।’ এ কথা বলে কয়েকটি অপশন দেখিয়ে একটি নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে বলা হয়। লিঙ্কে ক্লিক করা মাত্রই ফেসবুক অ্যাকাউন্ট প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায়।
এর আগে একই কায়দায় প্রতারণার ঘটনা সামনে এসেছে। প্রতারক চক্র আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসানের মোবাইল ফোনে কল করে উপজেলা শিক্ষক সমিতির সভাপতির মোবাইল নম্বর চায়। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় তিনি আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোমিনের নম্বর দেন। পরে একটি অপরিচিত নম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আব্দুল মোমিনকে ফোন করে জানানো হয়, বিদ্যালয়ের ২০ জন অসচ্ছল শিক্ষার্থী ও তাদের অভিভাবককে ত্রাণ ও নগদ সহায়তা দেওয়া হবে। চাল-ডাল-তেল, চিনি, কম্বলসহ প্রতি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা নগদ দেওয়া হবে বলে জানানো হয়।
এ সময় প্রতারকরা আব্দুল মোমিনকে উপজেলার আরও ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানাতে বলেন। তিনি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে প্রতারক চক্র ত্রাণ দেওয়ার কথা বলে ‘ফরম পূরণ বাবদ’ প্রত্যেক শিক্ষকের কাছে ০১৩৪২-৫০৬৭৬৮ নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি ফরমে ৭০০ টাকা দাবি করে। এতে শিক্ষকদের সন্দেহ হলে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং প্রতারক চক্রের মুখোশ খুলে যায়।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে এমন প্রতারণা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। কারণ তারা সামাজিকভাবে পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তি।
তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, প্রতারকরা হোয়াটসঅ্যাপে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ফোন করে বিভিন্ন তথ্য জানতে চায়। বলে, গোপনীয় নিরাপত্তা গ্রুপে ঢুকে পড়েছেন। এখনই গ্রুপ থেকে বের না হলে ঝামেলায় পড়বেন। পরে তারা গ্রুপ থেকে বের হতে একটি লিঙ্ক পাঠায়। লিঙ্কে ক্লিক করা মাত্র আমার ফেসবুক হ্যাক করে তারা। পরে আমার অনেক পরিচিতজনের কাছে টাকা দাবি করে।
থানার ওসি শাহীন রেজা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কখনোই ফোন বা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ওটিপি কিংবা কোনো লিঙ্কে ক্লিক করতে বলে না। এ ধরনের ফোন বা মেসেজ প্রতারণামূলক। কেউ এমন কল বা অনলাইন প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে থানা বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার অনুরোধ জানাচ্ছি।
জয়পুরহাট প্রতিনিধি 





















