রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা মহিলা বিভাগের আয়োজনে জামায়াত কার্যালয় প্রাঙ্গণে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় ৪০ হাজার নারী জামায়াত কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, দেশের নারীরা আজ নানাভাবে বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার। শিক্ষা, চিকিৎসা, কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি এবং সামাজিক মর্যাদার প্রশ্নে নারীরা প্রতিনিয়ত অবহেলার মুখে পড়ছে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় নারীদের ব্যবহার করা হলেও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে—নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক। নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের নেতৃবৃন্দ। তারা ইসলামী সমাজব্যবস্থায় নারীদের জন্য আলাদা সুরক্ষা ও সম্মানের বিধান রয়েছে উল্লেখ করে নারীদের হয়রানি, নির্যাতন ও বৈষম্য বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনী কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারি লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহার। এছাড়া গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির মো. তাজ উদ্দিন ও উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার, রংপুর 





















