মোংলায় শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ছাত্র–জনতা। শনিবার ০৭ ফেব্রুয়ারী মোংলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা “Justice For Hadi” লেখা ব্যানার ও শহীদ হাদীর ছবি সংবলিত পোস্টার বহন করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে হাদী হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানান এবং এ ঘটনার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে সম্পন্ন করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন মেহেদী হাসান শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক; ইব্রাহিম শেখ এবং জিহাদুল ইসলাম তন্ময়—সাবেক সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাগেরহাট। বক্তারা বলেন, “হাদী হত্যার বিচার বিলম্বিত হওয়া মানেই বিচারহীনতার সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া। একটি রাষ্ট্রে এ ধরনের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হলে নাগরিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।”
এ সময় বক্তারা গতকাল ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের বর্বর লাঠিচার্জের তীব্র নিন্দা জানান। তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে দমন-পীড়ন চালানো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী এবং এ ধরনের ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
মেহেদী হাসান শুভ, মোংলা (বাগেরহাট) 





















