ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা–সংক্রান্ত একটি বক্তব্য নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী গত বৃহস্পতিবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন।
রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে আছি। আমরা জেল-জুলুমকে ভয় পাই না। আওয়ামী লীগের নিরীহ নেতাদের ওপর কোনো নির্যাতন হতে দেব না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করা হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হবে।’
এ সময় সভায় জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থীসহ বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোকাম্মেল হক চৌধুরীর বাড়ি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে। তিনি পেশাগতভাবে রংপুর আদালতের একজন আইনজীবী। তাঁর চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং তাঁর চাচা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী।
বিষয়টি নিয়ে জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো:মোস্তাকুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, শেখ হাসিনাকে নিয়ে মোকাম্মেল হক চৌধুরীর মন্তব্যটি ছিল তাঁর ব্যক্তিগত মতামত এবং তা ভুলবশত দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
রংপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি উনি আবেগের বশে বলে ফেলেছেন। এটি ভুলবশত হয়েছে। তিনি এমন বক্তব্য দিতে চাননি এবং পরবর্তীতে নিজেই স্বীকার করেছেন যে বক্তব্যটি ভুল ছিল।
স্টাফ রিপোর্টার 





















