মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি। কারণ, দেশের যেসব মৌলিক সংস্কার প্রয়োজন, তা আগামী নির্বাচিত সরকারের জন্য পথ সুগম করবে এই গণভোট।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, একটি চক্র এখনো ওৎ পেতে আছে। সুযোগ পেলেই তারা ফিরে আসতে চায়, তাই নানা অজুহাতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বাস্তবতায় দেশের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলাই এখন সময়ের দাবি।
তিনি জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, ভোট হবে আনন্দমুখর। কাউকে ভয় পাওয়ার কিছু নেই।
জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের মতামত জানাতে পারবে। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
























