ভেনেজুয়েলায় চলমান সাম্প্রতিক অস্থিরতা ও উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সংকট নিরসনে শক্তি প্রয়োগের পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে বিদ্যমান যেকোনো বিরোধ বা সংঘাত সমাধানের জন্য কূটনীতি এবং পারস্পরিক সংলাপই সর্বোত্তম পথ। সামরিক আগ্রাসন বা সংঘাতের বদলে আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বার্তায় জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি বাংলাদেশের অবিচল ও দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক 
























