বাস্তব জীবনের প্রেম এবার পর্দায় আরও গাঢ় হলো। টলিউডের জনপ্রিয় রিয়েল লাইফ জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন তাদের আসন্ন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর নতুন গানে উষ্ণতা ছড়িয়েছেন। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবিটির গান ‘শোনো গো দখিন হাওয়া’। মুক্তির পরপরই গানটি দর্শকদের নজর কেড়েছে, বিশেষ করে অঙ্কুশ-ঐন্দ্রিলার সাহসী ও রোমান্টিক রসায়নের কারণে।
গানের দৃশ্যায়নে বিদেশের মনোরম সমুদ্র সৈকতে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে এই জুটিকে। লাল শার্টে অঙ্কুশ এবং কখনও লাল, কখনও অলিভ গ্রিন গাউনে ঐন্দ্রিলা ছিলেন অনবদ্য। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে গানের একটি বিশেষ দৃশ্য। এই প্রথমবার ক্যামেরার সামনে নির্দ্বিধায় অঙ্কুশের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেছে ঐন্দ্রিলাকে। ঘনিষ্ঠ এই মুহূর্তটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
কিংবদন্তি শিল্পী এস ডি বর্মনের কালজয়ী গান ‘শোনো গো দখিন হাওয়া’-কে নতুন করে এই ছবিতে ব্যবহার করা হয়েছে। নতুন আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য ও দুর্নিবার সাহা। উল্লেখ্য, ২০২২ সালে কোক স্টুডিও বাংলার সুবাদে গানটি নতুন প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় হয়ে ওঠে।
আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কমেডি ঘরানার সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। হাসির মোড়কে তৈরি এই ছবিতে রোমান্সের যে কমতি নেই, ‘দখিন হাওয়া’ গানটি যেন তারই আগাম বার্তা দিয়ে গেল।
বিনোদন ডেস্ক 

























