জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হলো। গত বছর (২০২৫) এই দিনে (৪ জানুয়ারি) আকস্মিকভাবে বিয়ের পিঁড়িতে বসে ভক্তদের চমকে দিয়েছিলেন এই জুটি। এবার প্রথম বিবাহবার্ষিকীতে নিজের লুক ও সাজসজ্জায় নতুন চমক নিয়ে হাজির হলেন রোজা আহমেদ।
বিশেষ এই দিনটি উদযাপনে রোজা ধরা দিয়েছেন এক অনবদ্য গ্ল্যামারাস লুকে। পরনে ছিল ঝকমকে করসেট গাউন, যা তাকে করে তুলেছে লাস্যময়ী। সাধারণত রেড কার্পেট বা জমকালো পার্টিতে এ ধরনের পোশাক দেখা গেলেও বিবাহবার্ষিকীর সন্ধ্যায় রোজার এই সাজ নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিশেষ দিনটি উদযাপনে আয়োজনের কমতি ছিল না। বিশাল লিলি ফুল আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল তাদের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমের সেই কেকের পাশে শোভা পাচ্ছিল একগুচ্ছ সতেজ গোলাপ।
নেটিজেনদের ধারণা, দাম্পত্যের প্রথম বছর পূর্তিতে স্ত্রীকে ভালোবেসে এই রোমান্টিক সারপ্রাইজ দিয়েছেন তাহসান খান নিজেই। ভক্তরা কমেন্ট বক্সে এই জুটিকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি ঢাকার একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন তাহসান ও রোজা।
বিনোদন ডেস্ক 
























