আসছে ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি জোরেশোরে এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’-এর কার্যক্রম। গত মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে। কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম পাড়ি জমাচ্ছে শ্রীলংকায়। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরো কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ চলবে শুটিং।
বিদেশের কাজ শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং সম্পন্ন হবে এবং তারপর সিনেমার ক্যামেরা ক্লোজড। শুটিং ইউনিট সূত্রে এমনটাই জানা গেছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ—যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।
ঘনিষ্ঠ সূত্রে আরো জানা গেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। ওই অভিনেতার শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্মাতারা বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাইছেন, তাই আপাতত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।
এদিকে নতুন বছর নিয়ে সিয়ামের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি তাঁর ভক্তদের নতুন চরিত্র ও গল্পের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এবার তিনি পর্দায় রীতিমতো আগুন ধরাতে আসছেন। তাঁর ভাষায়, আসন্ন কাজগুলোতে ‘রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে’, যা দর্শককে এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি করবে। দর্শকের উদ্দেশে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, যাতে তারা প্রেক্ষাগৃহের সিট শক্ত করে ধরেন এবং পপকর্নের বক্স কাছে রাখেন।
বিনোদন ডেস্ক 
























