ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের ব্র্যান্ড ও নম্বর প্লেটের সঙ্গে হান্নানের মালিকানাধীন বাইকের তথ্যে গরমিল পাওয়ায় তাকে এই জামিন দেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত ও তদন্ত সূত্রে জানা যায়, হাদিকে গুলির ঘটনার পর গত ১৩ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে র্যাব-২ আব্দুল হান্নানকে আটক করে এবং পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং বিআরটিএ-এর তথ্য যাচাই করে দেখা যায়, হান্নানের নামে একটি সুজুকি জিক্সার ও একটি ইয়ামাহা মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। হান্নানের সুজুকি বাইকটির নম্বর ‘ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫’।
অন্যদিকে, সিসিটিভি ফুটেজ ও তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডে খুনিরা যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিল সেটি ছিল ‘হোন্ডা’ ব্র্যান্ডের ‘হর্নেট’ মডেলের। তদন্তকারীরা জানান, হান্নানের বাইকের নম্বরের শেষ ডিজিট ‘৫’, আর অপরাধে ব্যবহৃত বাইকটির নম্বরের শেষে ছিল ‘৬’। মূলত একটি সংখ্যার ভুল এবং ব্র্যান্ডের অমিল প্রমাণিত হওয়ায় আদালত তাকে জামিন দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢামেক ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শাহাদাতবরণ করেন।
এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, যা হাদির মৃত্যুর পর এখন হত্যা মামলায় রূপান্তর হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















