বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৫ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। এ সময় জেলেদের ব্যবহৃত দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক জলসীমার নিকটবর্তী এলাকা থেকে ‘সন্দেহজনক ঘোরাফেরা’র অভিযোগে তাদের আটক করা হয়।
ভারতীয় কোস্ট গার্ড সূত্রের বরাতে জানা গেছে, আটককৃত ট্রলার দুটির নাম ‘সাবিনা–১’ এবং ‘রুপাচি সুলতানা’। এর মধ্যে ‘সাবিনা–১’ ট্রলারে ১১ জন এবং ‘রুপাচি সুলতানা’য় ২৪ জন মৎস্যজীবী ছিলেন।
আটকের পর ট্রলারসহ জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত নভেম্বর মাসে একই অভিযোগে ‘এফবি আমিনা গণি’ নামের একটি বাংলাদেশি ট্রলারসহ ২৯ জন জেলেকে আটক করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। কক্সবাজারের বাসিন্দা ওই জেলেদেরও সে সময় ফ্রেজারগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এক মাসের ব্যবধানে আবারও বিপুল সংখ্যক বাংলাদেশি জেলে আটকের ঘটনায় সীমান্তে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 


















