বড় কান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১৮/৭/২০২৫ইং রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় ইউনিয়নের দুর্গারহাটস্থ দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি, বিএনপিকে নিয়ে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে জাজিরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অপরদিকে, একই সময়ে বড় কান্দি ইউনিয়ন বিএনপির বর্তমান কার্যালয়ের পাশেই জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান টিটু আকনের নেতৃত্বে আরেকটি নতুন অফিস উদ্বোধন ও দলীয় ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই স্থানে একই দলের দুটি পৃথক কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা। দুই গ্রুপের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ, এমনকি বোমা বিস্ফোরণ বা খুন-জখমের মত ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বড় কান্দি এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ মজিবর ছৈয়াল বলেন, “একই এলাকার মধ্যে একই দলের দুটি পৃথক অফিস হলে প্রতিদিনই কোনো না কোনো সংঘর্ষ বাধতে পারে। এমনিতেই এলাকা শান্ত নয়, এই পরিস্থিতি আর উত্তপ্ত হলে সাধারণ মানুষ চরম বিপদের মধ্যে পড়বে।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও হস্তক্ষেপ কামনা করছেন।
শরীয়তপুর প্রতিনিধি: 






















