আকাশ আহমেদ তারা। কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জ্বালানি সংকটকে কেন্দ্র করে তেল পাম্পগুলোতে চলছে অনিয়মের অভিযোগ, যার ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলার প্রায় ১৭টি তেল পাম্পের অধিকাংশই সকালে বন্ধ থাকে এবং কিছু পাম্পে সীমিত আকারে তেল সরবরাহ করা হলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল নিতে পারছেন না। অভিযোগ রয়েছে, পাম্প কর্তৃপক্ষ নিজেদের তৈরি নিয়ম অনুযায়ী সকাল ৯টার আগে তেল বিক্রি করছে না। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ ও গণপরিবহনের চালকেরা। অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারায় হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়ে বেতন কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। তেল নিতে আসা চালকদের মধ্যে কিসমত, খোন্দকার ও আশরাফ জানান, সকাল ৮টার মধ্যেই তাদের কাজে যোগ দিতে হয়। কিন্তু তেল না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষা করতে হচ্ছে, ফলে দেরি হচ্ছে কর্মস্থলে পৌঁছাতে। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।
এদিকে কালিয়াকৈর উপজেলায় তিন শতাধিক শিল্প কারখানা থাকায় প্রতিদিন ভোর থেকেই শ্রমিকদের কর্মস্থলে যাওয়ার চাপ থাকে। কিন্তু জ্বালানি সংকট ও পাম্পের দেরিতে খোলার কারণে শ্রমিকদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এম এসে ফিলিং স্টেশনের এক ম্যানেজার জানান, তাদের কর্মীরা রাতভর তেল সরবরাহের কাজে ব্যস্ত থাকেন, যার কারণে সকাল ৯টার আগে কার্যক্রম চালু করা সম্ভব হয় না। তবে এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, সকাল ৯টার আগে তেল না দেওয়ার মতো কোনো সরকারি নির্দেশনা নেই। কেউ ইচ্ছামতো এ ধরনের নিয়ম চালু করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা, যাতে দ্রুত এ সমস্যার সমাধান হয়ে জনদুর্ভোগ কমে আসে।
নিজস্ব প্রতিবেদক 





















