শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান সংক্রান্ত সম্প্রচারিত সংবাদকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে জানানো হয়, “আজ একাধিক টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় ‘সাড়ে ৩০০ কোটি টাকার অনিয়ম ও ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক’ শিরোনামে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।”
প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি অর্থ আত্মসাতের মামলায় বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা কারাগারে আছেন এবং আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি পলাতক রয়েছেন। এছাড়া আর্থিক অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হিসাব বিভাগের আরও তিনজন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
“চাকরিচ্যুত কর্মকর্তা, জেলবন্দী আসামি এবং পলাতকরা একটি সংঘবদ্ধ গ্রুপ হিসেবে কাজ করছে। তারা নিজেদের রক্ষা করা এবং প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
প্রতিবাদপত্রে আরও দাবি করা হয়, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সকল আর্থিক লেনদেন নিয়মিতভাবে স্বীকৃত সরকারি অডিট ফার্ম দ্বারা নিরীক্ষিত হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে রাজস্ব প্রদান করে থাকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, “উক্ত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, প্রকৃত তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা বজায় রাখুন।”
হাসান মাহমুদ 

























