প্রকৌশলী ইশরাক হোসেন ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে আইনগত লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণা করে।
এই রায়ের পরও তাকে মেয়রের দায়িত্ব প্রদান না করায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে আজ রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের রায় অমান্য করে সরকার গণতন্ত্রের প্রতি চরম অবমাননা দেখিয়েছে। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব প্রদান না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হলে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রশ্নের মুখে পড়বে। মানববন্ধন সহ একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা নগরভবন থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার নগর ভবনে ফিরে আসে।
হাসান মাহমুদ 

























