চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি মোঃ রাব্বি (১৮), মোঃ রাকিব (২০), মোঃ পারভেজ ইসলাম (১৯) এবং মোঃ রনি (২০) ‘কে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ মে) হাইমচর উপজেলার উত্তর আলগি নামক স্থান থেকে তাদেরকে আটক করে সেনাবাহিনী ও হাইমচর থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাইমচর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাইমচর উপজেলার উত্তর আলগি নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি (১৮), মোঃ রাকিব (২০), মোঃ পারভেজ ইসলাম (১৯) এবং মোঃ রনি (২০) ‘কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ৩০ গ্রাম গাঁজা, ০.০২ গ্রাম হেরোইন এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 

























