সারাদেশের সাংবাদিকদের প্রস্তাব সমর্থনে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলা পোর্টালের আহমেদ আবু জাফরকে সভাপতি ও আমাদের সময়ের মেহেদি হাছানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দুটিপদ ঘোষণা করা হয়। ১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে । রোববার ৩০ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাব হলরুমে বিএমএসএফ’র যুগে পদার্পণ উৎসবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে সাবেক শিল্পমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন। জনাব আমু বলেন, সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষা করছে। জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন ও সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার।
সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে আলোচনাসভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান করা হয়।
বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা আন্দোলনকে বেগবান করার দাবি করেন। দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা দিনদিন বেড়ে যাচ্ছে দাবি করে তিনি সকল শাখাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বেল্লাল হোসেন বাবু, নাটোর: 



















