চীনের মহাকাশযানে নিজেদের প্রথম নভোচারী জিশান আলীকে পাঠিয়েছে পাকিস্তান। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে চীনা শেনঝৌ-২৪ মহাকাশযানে আরও দুই চীনা নভোচারীর সঙ্গে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছেন জিশান।
তাঁর দুই সহযাত্রী হলেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, এই মিশনে ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করবেন জিশান। আগামী ৫ থেকে ১০ দিন মহাকাশ স্টেশনে অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনি।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ১৮ মিনিটে) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে শেনঝৌ-২৪। মহাকাশযানটি উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে সিসিটিভি। নভোযানটির গন্তব্য তিয়ানগং মহাকাশ স্টেশন।
৪০ বছর বয়সী জিশান আলী পেশায় একজন পাইলট। এই অভিযানের প্রস্তুতির জন্য তিনি বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন। এ সময় তিনি নিবিড়ভাবে চীনা ভাষা শিখেছেন। পাশাপাশি চীনা গান গাইতে ও কবিতা পড়তে শিখেছেন। এ ছাড়া তিনি ক্যালিগ্রাফি (চীনা হস্তলিপিশিল্প) চর্চা করেছেন এবং টেবিল টেনিসসহ বিভিন্ন ইনডোর খেলায় অংশ নিয়েছেন।
উৎক্ষেপণের কয়েক মিনিট পর সিসিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, তিন নভোচারী একটি নির্দেশিকা ম্যানুয়াল উল্টে দেখছেন। সিসিটিভি জানিয়েছে, ক্রু সদস্যরা সবাই সুস্থ ও ভালো আছেন।
যাত্রার আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের জিশান বলেছিলেন, “আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না, দেশের জন্য যাচ্ছি। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।”
জিশানের মহাকাশযাত্রার ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে শেহবাজ বলেন, “পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকে ছাড়িয়ে এখন মহাকাশের পথে এগিয়ে চলেছে।”
উল্লেখ্য, একজন চীনা নভোচারীর স্বাভাবিক ছয় মাসের অবস্থানের তুলনায় আলীর ৫ থেকে ১০ দিনের অবস্থানকাল অনেক কম হলেও পাকিস্তানের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হংকংভিত্তিক সংস্থা অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কার্সিও বলেন, “এটি পাকিস্তানের জন্য মর্যাদা বয়ে এনেছে, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে এবং চীনের সঙ্গে গভীরতর সহযোগিতা ও কূটনৈতিক সদিচ্ছা গড়ে তুলেছে।”
চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশবিষয়ক সহযোগিতা অবশ্য নব্বইয়ের দশকের শুরু থেকেই চলে আসছে। চীন পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভার পাঠানোর বিষয়েও বেইজিংয়ের সঙ্গে চুক্তি করেছে ইসলামাবাদ।
আন্তর্জাতিক ডেস্ক 
























