ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি লেখেন, কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এজন্য নেত্রী তাঁকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। প্রশ্ন রেখে তিনি লেখেন, শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাঁকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাঁদের দেশে ফিরতে নিষেধ করেছেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে! শেষে রাশেদ খাঁন লেখেন, এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবেন। যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আ’লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।
নিজস্ব প্রতিবেদক 

























