রংপুরের গঙ্গাচড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সোদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ ফুলের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমান (২৪) গঙ্গাচড়া উপজেলার উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। তিনি এ মামলার এক নম্বর আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যায় গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে সাংবাদিক দুলালের ওপর হামলা হয়। কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাঁকে ধারালো কুড়াল দিয়ে মাথায় আঘাত করে এবং নগদ ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এর আগে, ৩০ সেপ্টেম্বর অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ হাজার টাকা জরিমানা করেছিল।
এ ঘটনায় ৪ অক্টোবর সাংবাদিক আব্দুল বারী দুলাল গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। মামলায় আমানসহ আটজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, মামলার প্রধান আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মোছাদ্দেক সৈকত-স্টাফ রিপোর্টার, রংপুর 





















