নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১২০ থেকে ১৫০ জনকে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে জনস্বার্থে এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলসহ ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন সৃষ্টি, সংগঠনের কার্যক্রম পুনরুজ্জীবিত ও সক্রিয় করা, সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন আসামিরা।
মোঃ শিহাব উদ্দিন টোকন-স্টাফ রিপোর্টার, নাটোর 
























