দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তির ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবির দায়িত্বপূর্ণ ফুলবাড়ী, দিনাজপুর সদর, বিরামপুর ও চিরিরবন্দর সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং বিজিবির টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ২৯ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোনের মাধ্যমে সীমান্ত নজরদারি করায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, দায়িত্বপূর্ণ সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফুলবাড়ী ২৯ বিজিবি সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির সব সদস্য সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
অমর গুপ্ত-ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
























