দুজনেই পাবনার মানুষ। বাড়িও কাছাকাছি। তবে পরিচয়টা ছিল না গ্রামে। অভিনয়ে এসেই তাঁদের পরিচয় ঘটে। গড়ে ওঠে বন্ধুত্ব। পর্দায় তাঁদের নানান রসায়নে দর্শক যেমন মুগ্ধ হয়েছেন, বাস্তব জীবনেও তাঁদের বন্ধুত্বের গল্প অনেকের কাছে অনুপ্রেরণার।
বলা হচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী শাহনাজ খুশির কথা। দীর্ঘদিন ধরেই শোবিজের পরিচিত বন্ধু তাঁরা। আজ খুশির জন্মদিন। বিশেষ দিনে বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুললেন না চঞ্চল।
খুশির সঙ্গে একটি নাটকের শুটিংয়ের ফাঁকে তোলা ছবি পোস্ট করেছেন চঞ্চল। সঙ্গে লিখেছেন, ‘যতদিন পর্যন্ত আমরা মন খুলে ঝগড়া, মারামারি করতে পারব, ধরে নিবি ততদিনই আমরা সুস্থ আছি। আমাদের যা বয়স, এখন সব স্বপ্নই আমাদের সন্তানদের ঘিরে। আমরা স্ট্যান্ডবাই থাকতে থাকতেই, ওরা যদি একটু দাঁড়িয়ে যায়, তাহলেই আমাদের শান্তি।’
চঞ্চল মনে করেন, খুশির সঙ্গে তাঁর বন্ধুত্ব বিরল। খুশির উদ্দেশে চঞ্চল লিখেছেন, ‘তোর আমার মতো শৈল্পিক, মাথা গরম, রগচটা, ঝগড়াটে, মারমুখী, সমালোচক বন্ধু আসলে এ দেশে বিশ কোটিতে দুইজন। বেঁচে থাক বন্ধু বহুকাল। আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই। শুভ জন্মদিন বন্ধু। অনন্ত শুভকামনা।’
সঙ্গে চঞ্চল এ-ও জানান, পোস্টের লেখাটি কয়েক বছর আগের। এর মধ্যে ব্যস্ততার কারণে দুই বন্ধুর আড্ডাও জমছে অনেক দিন। সে প্রসঙ্গে অভিনেতা লেখেন, ‘অনেক দিন হলো তোর সঙ্গে মন খুলে কথা বলা বা ঝগড়া করা হয় না। তাতে কী? যে কোনোভাবে হোক, ভালো থাকিস বন্ধু। সুস্থ ও সুন্দর থাকিস।’
প্রসঙ্গত, শাহনাজ খুশি বাংলা নাটকের গুণী অভিনেত্রী। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘সাকিন সারিসুরি’, ‘হারকিপ্টে’, ‘রসু চোর’, ‘কথা দিলেম তো’, ‘শীল বাড়ি’, ‘হ্যাপি ফ্যামিলি’সহ অনেক দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। তাঁর জীবনসঙ্গী নন্দিত নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস। এ ছাড়া তাঁর দুই পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিও অভিনয়ে এসে প্রশংসা পাচ্ছেন।
বিনোদন ডেস্ক 
























