সিটি ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্লক মার্কেটে লেনদেন ও ‘কাউন্টারপার্টি ট্রেডিংয়ের’ মাধ্যমে সিটি ব্যাংক পিএলসির বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগতভাবে অন্যায্য মুনাফা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে এসব লেনদেনে অনিয়ম ও কারসাজির তথ্য উঠে এসেছে। এ ঘটনায় সিটি ব্যাংক, ব্যাংকটির সাবেক ফান্ড ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।
তবে এ ঘটনায় ব্যাংকটির তিন ডিএমডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে খাতসংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে বিএসইসির আরোপ করা জরিমানার পরিমাণ ও কার্যকর ব্যবস্থা নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
বিএসইসির তদন্তে সংশ্লিষ্ট হিসেবে উঠে এসেছে সিটি ব্যাংকের সাবেক ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খান এবং ব্যাংকটির তিন ডিএমডি—এ কে এম সাইফ উল্লাহ কাওছার, মোহাম্মদ মাহমুদ গনি ও মো. আশানুর রহমানের নাম।
এ ছাড়া আরও একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য রয়েছে বিএসইসির তদন্ত ও এনফোর্সমেন্ট কার্যক্রমে।
বিএসইসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের তহবিল ব্যবহার করে কয়েকজন কর্মকর্তা কম দামে শেয়ার কিনে বেশি দামে ব্যাংকের তহবিলের কাছেই বিক্রি করেছেন। কোনো কোনো ক্ষেত্রে বাজারদরের চেয়ে বেশি দামে ব্যাংকের তহবিলে শেয়ার বিক্রি করে ব্যক্তিগত মুনাফা করেছেন তাঁরা। এতে ব্যাংকের বিনিয়োগ তহবিলের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনের কারণে দেশের বেসরকারি ব্যাংক খাতে পরিচিত নাম সিটি ব্যাংক। গত জুনে ব্যাংকটি ‘ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ স্বীকৃতি পেয়েছে। একই আয়োজনে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল ও সিটি ব্রোকারেজও স্বীকৃতি পায়। গত নভেম্বরে ‘বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস’-এর চতুর্থ আসরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।
তবে ব্যাংকের অভ্যন্তরীণ বিনিয়োগ কার্যক্রমে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ এসব অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সানোয়ার খানের লেনদেন ঘিরে তদন্ত
বিএসইসির তদন্তের সূত্রপাত হয় সিটি ব্যাংকের তৎকালীন ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানকে কেন্দ্র করে। তদন্তে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি নিজের এবং স্ত্রী আসমাউল হুসনার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ব্যবহার করে ব্যাংকের বিনিয়োগ তহবিলের সঙ্গে কাউন্টারপার্টি ট্রেডিংয়ে জড়িত ছিলেন।
অর্থাৎ, ব্যাংকের পক্ষে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে থাকা অবস্থায় একই লেনদেনে ব্যক্তিগত বিনিয়োগকারী হিসেবেও অংশ নেন তিনি। বিএসইসির পর্যবেক্ষণে এ ধরনের লেনদেনকে স্বার্থের সংঘাত ও বিনিয়োগ কার্যক্রমের নৈতিকতাবিরোধী হিসেবে দেখা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অগ্নি সিস্টেমস, ক্যাপিটেক জিবিএফ ইউনিট ও বিডি পেইন্টসের শেয়ার লেনদেনে অনিয়মের তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংকের তহবিল ব্যবহার করে ৩০ টাকা দরে শেয়ার কেনার পর একই শেয়ার ৪১ টাকা ২০ পয়সা দরে ব্যাংকের কাছেই বিক্রি করেন সানোয়ার খান ও তাঁর স্ত্রী। এতে তাঁরা ব্যক্তিগতভাবে মুনাফা অর্জন করেন। এসব লেনদেনে ব্যাংকের বিনিয়োগ তহবিলের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
গত জানুয়ারিতে অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেনসংক্রান্ত ঘটনায় সানোয়ার খান, তাঁর স্ত্রী ও ভাইকে জরিমানা করে বিএসইসি। একই ঘটনায় সিটি ব্যাংককেও এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিনিয়োগ নীতিমালা নিয়ে ব্যাংকের বক্তব্যে অসংগতি
বিএসইসির অনুসন্ধানের জবাবে গত বছরের ১০ জুলাই সিটি ব্যাংক প্রথমে দাবি করেছিল, সানোয়ার খানের লেনদেনগুলো ব্যাংকের তৎকালীন বিনিয়োগ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে ব্লক মার্কেটে লেনদেনের অনুমোদন ও অভ্যন্তরীণ নীতিমালা সম্পর্কে কমিশনের প্রশ্নের মুখে ব্যাংক পরবর্তী সময়ে ভিন্ন তথ্য দেয়।
ব্যাংক জানায়, সংশ্লিষ্ট লেনদেনের সময় ব্লক মার্কেটে লেনদেনের বিষয়ে বিনিয়োগ নীতিমালা বা অভ্যন্তরীণ নীতিমালায় সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না। ফলে অন্য কোনো পদ্ধতি বা বিদ্যমান প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছিল। ব্যাংকের এই বক্তব্যে ব্লক মার্কেটে বিনিয়োগ কার্যক্রমের অনুমোদন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কর্মকর্তাদের ব্যক্তিগত লেনদেন তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিন ডিএমডির বিরুদ্ধে অন্যায্য মুনাফার অভিযোগ
বিএসইসির তদন্তে সানোয়ার খানের পাশাপাশি সিটি ব্যাংকের তিন ডিএমডির বিরুদ্ধে ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্লক মার্কেটে অন্যায্য সুবিধা নেওয়ার তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ডিএমডি এ কে এম সাইফ উল্লাহ কাওছার বিভিন্ন শেয়ারের লেনদেনে ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগত মুনাফা অর্জন করেন।
২০২৪ সালের ১৬ অক্টোবর তিনি সিটি ব্যাংকের তহবিলের কাছে ব্লক মার্কেটে ২৫ হাজার লাভেলো আইসক্রিমের শেয়ার ৯৭ টাকা দরে বিক্রি করেন। ওই সময় শেয়ারটির বাজারদর ছিল ৯২ টাকা ২০ পয়সা। এ লেনদেনে তাঁর অন্যায্য মুনাফার পরিমাণ ছিল এক লাখ ২০ হাজার টাকা।
একইভাবে ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি মিডল্যান্ড ব্যাংকের সাড়ে তিন লাখ শেয়ার সিটি ব্যাংকের তহবিলের কাছে প্রতিটি ২৯ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করেন। ওই সময় শেয়ারটির বাজারদর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। এ লেনদেনে তিনি সাত লাখ ৭০ হাজার টাকা মুনাফা করেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৪ মে পর্যন্ত ১১টি লেনদেনের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস ও ওরিয়ন ইনফিউশনসের শেয়ার কেনাবেচা করে এ কে এম সাইফ উল্লাহ কাওছারের অন্যায্য মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৮৫ হাজার ৪০৫ টাকা।
অন্যদিকে, ডিএমডি মোহাম্মদ মাহমুদ গনি মিডল্যান্ড ব্যাংক ও ফাইন ফুডসের শেয়ার লেনদেনের মাধ্যমে পাঁচ লাখ ৭১ হাজার টাকা মুনাফা করেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ডিএমডি মো. আশানুর রহমান সিটি ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ও ওরিয়ন ইনফিউশনসের শেয়ার কেনাবেচার মাধ্যমে চার লাখ ৩৫ হাজার টাকা অন্যায্য সুবিধা নেন বলে তদন্তে উঠে এসেছে।
জরিমানা হলেও অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন
বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির ঘটনায় সিটি ব্যাংককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ব্যাংকটির সাবেক পোর্টফোলিও ম্যানেজার সানোয়ার খানকে এক কোটি ৫১ লাখ টাকা জরিমানা করা হয়। তদন্তে তাঁর ক্যাপিটাল গেইন বা মুনাফার পরিমাণ এক কোটি ৫৩ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
সানোয়ার খানের স্ত্রী আসমাউল হুসনা ১৫ লাখ টাকা মুনাফা করলেও তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাঁর ভাই আনোয়ার পারভেজ খান দুই লাখ ৪৬ হাজার ২২৮ টাকা মুনাফার বিপরীতে দুই লাখ টাকা জরিমানার মুখে পড়েন।
এ ছাড়া আবু তাহের শিকদারকে ৬৫ লাখ ৪৬ হাজার টাকা মুনাফার বিপরীতে ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উম্মে সালমা নিপাকে দুই লাখ টাকা এবং বিপ্লব শেখকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে প্রতিবেদনে উল্লেখ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানার অঙ্ক, পৃথক তদন্তের বিষয় এবং সামগ্রিক এনফোর্সমেন্ট কার্যক্রমের অঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে মোট জরিমানার পরিমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরোপিত অর্থদণ্ডের পূর্ণাঙ্গ হিসাব বিএসইসির আদেশ থেকে যাচাই করা প্রয়োজন।
সানোয়ার খানকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করা হলেও অন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সিটি ব্যাংক কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, তা স্পষ্ট নয়। ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ তদন্তে উঠে আসার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সিটি ব্যাংকের সাবেক ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জানাচ্ছি’।
জরিমানার বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘তদন্ত প্রতিবেদনে তাঁদের অনিয়মের তথ্য উঠে আসে, তারই পরিপ্রেক্ষিতে জরিমানা করা হয়। সিটি ব্যাংক রিভিউ আবেদন করেছে, সেই রিভিউ আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াধীন রয়েছে।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসাইন খান বলেন, সব অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক সব সময় সোচ্চার আছে। এসব বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ও জরিমানা গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং আরোপিত জরিমানার অর্থ আদায় নিশ্চিত করাও জরুরি।
নিজস্ব প্রতিবেদক 






















