নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে ৪-৫ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), স্থানীয় বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)। অভিযোগে তাঁদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে শুঁটিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। গত ১০ নভেম্বর উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে শুঁটিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করে। সেতুটি সরকারি সড়কের ওপর হলেও শুঁটিজাল বসানোর জমিটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের। তিনি জোনাইল পাগলা বাজারে ব্যবসা করেন এবং সেখানেই বসবাস করেন।
ব্যবসায়ী আব্দুল কাদের অভিযোগ করেন, শুঁটিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন তাঁকে সন্দেহ করেন এবং প্রশাসনকে খবর দেওয়ার মিথ্যা অভিযোগে গত ১০ নভেম্বর দুপুরে তাঁকে তুলে নিয়ে যান। চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে তাঁকে ধরে চামটা বিলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, সেখানে তাঁকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং ৪-৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরবর্তীতে বাড়ি থেকে লোক পাঠিয়ে ৩ লাখ টাকা এনে তাঁদের হাতে দিতে বাধ্য করা হয়। এ ছাড়া আরও ১ লাখ টাকা দেওয়ার জন্য তাঁর কাছ থেকে জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়া হয়। আফসার আলী তাঁর হাত থেকে এই টাকা নেন এবং বিষয়টি নিয়ে মুখ খুললে বা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য:
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা বাবুল হোসেন দাবি করেন, আব্দুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল সত্য, তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তাঁর আত্মীয়স্বজন এসে তাঁকে বাড়ি নিয়ে যান। এ সময় কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আয়নুল-নিজস্ব প্রতিবেদক 




















