বান্দরবানের লামা উপজেলার ৭ নং ফাইতং ইউনিয়নে রেজিস্ট্রিকৃত জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা এবং আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে। জুম্মার নামাজের সময় বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী ও দলবল এনে জমিতে নানা ধরনের স্থাপনা নির্মাণ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে সুতাবাদি এলাকার মো. হাসন আলী গংয়ের বিরুদ্ধে। এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩০৭ নং ফাইতং মৌজার অন্তর্ভুক্ত খতিয়ান নং- ৮৪ এবং বিভিন্ন দাগে যেমন ১২৭২, ১২৭৩ ও ১২৭৪ নং দাগের অংশবিশেষে প্রায় চার কানি প্রথম শ্রেণীর জমি দীর্ঘ ৬৫ বছর ধরে একে খানের ভোগদখলে ছিল। পরবর্তীতে একে খান ও অন্যান্য ওয়ারিশগণের নিকট থেকে বৈধভাবে খরিদ সূত্রে নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম এই সম্পত্তির মালিকানা অর্জন করেন এবং বর্তমানে আড়াই কানি জমির শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছেন। তবে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখল করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও হুমকি দিয়ে আসছে।
জমির এই বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট আইনি লড়াইয়ে বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন হাসন আলী। মামলায় ১ ও ২ নং বিবাদী নির্ধারিত সময়ে জবাব না দেওয়ায় আদালত উল্লেখিত জমিতে শান্তিভঙ্গ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং আগামী ১৪/১২/২০২৬ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

তবে অনুসন্ধানে গুরুতর অভিযোগ উঠেছে যে, মামলার বাদীপক্ষ আদালতের এই নির্দেশকে কোনো তোয়াক্কা করছেন না। বাদীপক্ষ নিজেরাই আইন অমান্য করে জুম্মার নামাজের সময় মাদ্রাসা ছাত্র ও দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আদালতের স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা প্রকাশ্যেই ভঙ্গ করছেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করা হয়েছে।
জমির বৈধ মালিক নাজমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন যে, তারা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালত যে সিদ্ধান্ত দেবেন, তারা তা মাথা পেতে নেবেন। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা কোনো বাড়াবাড়ি বা গণ্ডগোলে যাননি, অথচ প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশিশক্তির জোরে জমি দখল ও নানা ধরনের হয়রানি চালিয়ে যাচ্ছে।
এলাকার প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে, একে খান যে এই জমির মালিক, তা এলাকার ছোট-বড় সবাই জানেন এবং বৈধ দলিলের মাধ্যমে জমির প্রকৃত মালিকপক্ষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগ করে আসছে। হঠাৎ করে হাসন আলী ও তার প্রতিপক্ষরা ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং আদালতের আদেশ অমান্য করে জমিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অবিলম্বে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং জবরদখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 























